দেশ-ধর্ম-বয়স কিংবা শিক্ষা সনদ নয়, চতুর্থ শিল্প বিপ্লবে প্রাধান্য পাবে দক্ষতা : পলক
বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে প্রযুক্তির শরিকানা ও শক্তিকে কাজে লাগাতে ৩৯টি হাইটেক পার্ক ও ৫০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপনের মাধ্যমে অংশীজনদের সঙ্গে নিয়ে আইসিটি বিভাগ কাজ করছে বলে জানিয়েছে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
চতুর্থ শিল্প বিপ্লবে দেশ-ধর্ম-বয়স কিংবা শিক্ষা সনদ নয় দক্ষতা দিয়ে যে কেউ বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি যে কোনো সমস্যার সমাধান করতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।
আর এজন্য সরকার অংশীজনদের নিয়ে ‘উদ্ভাবন’-কে প্রাধান্য দেয়া হচ্ছে। স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে ‘মূলধন’ তহবিল সহযোগিতা করছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।
রবিবার নিজ নির্বাচনী এলকা থেকে অনলাইনে আইইবি হেডকোয়ার্টারে সংযুক্ত হয়ে চার দিন ধরে অনুষ্ঠি ইউনিবেটর মেন্টর ডেভেলপমেন্ট অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব তথ্য জানান জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ এবং আয়োজনের সমন্বয়ক আশিকুর রহমান রূপক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক জানান, উদ্যোক্তা ও উদ্ভাবকদের সহযোগিতার জন্য আগামী ২০২৫ সালের মধ্যে শিল্প, সরকার ও একাডেমিয়াদের মধ্য থেকে ২০০ জন মেন্টর তৈরি করা হবে। গড়ে তোলা হবে ৩ হাজার উদ্যোক্তা। আর এরাই দেশের ৫ কোটি মধ্যম আয়ের নাগরিক চাহিদার বিলিয়ন ডলারের ডিজিটাল পণ্য ও সেবার যোগান দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।